রবিবার ২২ নভেম্বর ২০২৬ - ১৫:৩০
বড় সন্তানের আগে ছোট সন্তানের বিয়ে দেওয়া কি অনুচিত?

বড় সন্তানের আগে ছোট সন্তানের বিয়ের বিষয়টি অনেক পরিবারে দ্বিধা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে আন্তরিক পারিবারিক আলোচনা, বড় সন্তানের অনুভূতি ও উদ্বেগকে গুরুত্ব দেওয়া এবং সন্তানদের মধ্যে তুলনা করা থেকে বিরত থাকার মাধ্যমে এ পরিস্থিতি সুন্দরভাবে সামাল দেওয়া সম্ভব। একই সঙ্গে ছোট সন্তানের উপযুক্ত বিয়ের সুযোগও অযথা বিলম্বিত করা উচিত নয়।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, অনেক পরিবারে বড় সন্তানের আগে ছোট সন্তানের বিয়ের প্রস্তাব এলে অভিভাবকেরা নানা দুশ্চিন্তায় পড়েন। বিশেষ করে বড় সন্তানের অনুভূতি ও পারিবারিক অবস্থানের বিষয়টি তাঁদের ভাবিয়ে তোলে। এ বিষয়ে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী বেয়াত অভিভাবকদের করণীয় সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন।

বড় সন্তানের আগে ছোট সন্তানের বিয়ে: অভিভাবকদের করণীয়
কিছু পরিবার ও সংস্কৃতিতে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে যে, বড় সন্তানের বিয়ে না হওয়া পর্যন্ত ছোট সন্তানের বিয়ে দেওয়া উচিত নয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এ ধরনের সামাজিক রীতি বেশি গুরুত্ব পায়। যদিও কিছু পরিবারে এ ধারণা তেমন গুরুত্ব পায় না।

এ পরিস্থিতিতে অভিভাবকেরা সাধারণত দুটি বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকেন। প্রথমত, ছোট সন্তানের বিয়েতে সম্মতি দিলে বড় সন্তান মানসিকভাবে কষ্ট পাবে কি না। দ্বিতীয়ত, বড় সন্তানের বিয়ের অপেক্ষায় ছোট সন্তানের বিয়ে পিছিয়ে দিলে তার জন্য উপযুক্ত একটি সুযোগ হাতছাড়া হবে কি না। এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় রাখা প্রয়োজন।

প্রথমত, বাবা-মায়ের দায়িত্ব হলো বড় সন্তানের মর্যাদা ও আত্মসম্মান অক্ষুণ্ণ রাখা। ছোট ভাই বা বোনের বিয়ে যেন তার মনে পিছিয়ে পড়া, কম যোগ্যতা কিংবা কম গুরুত্ব পাওয়ার অনুভূতি তৈরি না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। এ জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা-মায়ের উচিত বড় সন্তানের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলা এবং তার মতামত ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া।

উদাহরণস্বরূপ, বাবা-মা তাকে বলতে পারেন, ‘তোমার ছোট বোনের জন্য একটি বিয়ের প্রস্তাব এসেছে। আমাদের মনে হচ্ছে, তার বিয়ের জন্য পরিস্থিতি অনুকূল। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই। এ বিষয়ে তোমার মতামত কী? তুমি বিষয়টি কীভাবে দেখছ?’

এ ধরনের আলোচনা বড় সন্তানকে নিজের অনুভূতি প্রকাশের সুযোগ করে দেয় এবং তাকে বুঝতে সাহায্য করে যে, পরিবারের সিদ্ধান্তে তার মতামতও গুরুত্বপূর্ণ। তবে খেয়াল রাখতে হবে, এ আলোচনা যেন কোনোভাবেই সন্তানদের মধ্যে তুলনা কিংবা প্রতিযোগিতার পরিবেশ তৈরি না করে।

বড় সন্তান যদি ছোট ভাই বা বোনের বিয়েতে আপত্তি জানায়, তাহলে বাবা-মায়ের উচিত অন্য সন্তানদের অনুপস্থিতিতে শান্ত পরিবেশে তার আপত্তির কারণ জানার চেষ্টা করা। হতে পারে, সে সামাজিকভাবে অন্যদের মন্তব্য বা সমালোচনার আশঙ্কা করছে। আবার এমনও হতে পারে, সে নিজেও বিয়ের উপযুক্ত সময়ে রয়েছে এবং ছোট ভাই বা বোনের বিয়ের কারণে নিজের পরিস্থিতি প্রভাবিত হবে বলে মনে করছে।

এ ক্ষেত্রে অভিভাবকদের উচিত সহানুভূতির সঙ্গে তার কথা শোনা, উদ্বেগের কারণ বোঝা এবং সেগুলো দূর করার চেষ্টা করা। প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া যেতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধর্মীয় সূত্রে সন্তানদের বিয়ের ক্ষেত্রে বয়সের ক্রম অনুসরণ করা বাধ্যতামূলক—এমন কোনো নির্দেশনা নেই। সুতরাং কেবল বড় সন্তান এখনো বিয়ে করেনি, এই কারণে ছোট সন্তানকে উপযুক্ত বিয়ের সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়। কারণ, ছোট সন্তান হয়তো বিয়ের জন্য মানসিকভাবে বেশি প্রস্তুত ও পরিপক্ব এবং তার জন্য উপযুক্ত জীবনসঙ্গীও পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে ছোট সন্তানেরও উচিত ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়া এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাবা-মায়ের ওপর ছেড়ে দেওয়া। পাশাপাশি ভাই বা বোনের সঙ্গে বিরোধ কিংবা দ্বন্দ্বে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা প্রয়োজন।

অন্যদিকে, অভিভাবকদের উচিত পারস্পরিক আলোচনা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এমন একটি সমাধান খুঁজে বের করা, যাতে ছোট সন্তানের উপযুক্ত বিয়ের সুযোগ নষ্ট না হয় এবং বড় সন্তানের আত্মসম্মান ও অনুভূতিও উপেক্ষিত না থাকে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha